জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, খালগুলো সচল থাকলে বৃষ্টিতে জয়পুরহাট জেলার আলু চাষীদের ক্ষতির সম্মুখীন হতে হতো না। ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে সাম্প্রতিক সময়ে জয়পুরহাট জেলায় আকস্মিক বৃষ্টিতে আলু চাষীদের ক্ষতি হয়।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের হারাবতী নদীর শাখায় কানামোনা-হারাবতী খাল খনন কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্থ চাষীদের পুনর্বাসনের পাশাপাশি উৎপাদিত অতিরিক্ত ১৫ থেকে ২০ লাখ টন আলুর সঠিক ব্যবহার এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের মানুষের মঙ্গলের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন। বিশেষ করে নিম্নআয়ের মানুষের কাছে সরাসরি অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।
—এজেড