ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকার জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপি নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নেও কাজ শুরু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক এবং সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান ।

সরকারের দ্রুত পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করে ত্রাণমন্ত্রী বলেন, আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। সরকার গঠনের পরপরই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

ত্রাণমন্ত্রী বলেন, জেলায় ২৩টি বহুমুখী বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), লালমনিরহাট প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিশ্বে পরিচিত এবং ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অবস্থান। দেশে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সংঘটিত হয়; এতে দরিদ্র ও অসহায় মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। নির্মাণাধীন ভবনটি দুর্যোগ সময়ে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং স্বাভাবিক সময়ে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। এ ধরনের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

—এজেড