ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান মাস্তান গ্রেফতার

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপি নেতা ইমান মাস্তান গ্রেফতার

দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা এলাকায় এসআর লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন নিহতের ঘটনায় স্থানীয় পুলিশের করা হত্যা মামলায় উপজেলার আগানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান উল্লাহ মাস্তানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বেলা তিনটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তবে এদিন রিমান্ড বিষয়ে শুনানি হয়নি। আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবাসিক এলাকায় গড়ে ওঠা ওই কারখানায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস লাইটার তৈরি করা হচ্ছিল। কারখানাটি বাইরে থেকে তালাবদ্ধ রেখে শ্রমিকদের দিয়ে কাজ করানো হতো বলেও অভিযোগ রয়েছে। আগুন লাগার সময় ভেতরে থাকা শ্রমিকরা বের হতে না পেরে দগ্ধ হয়ে ছয় জন মারা যান।

ঘটনার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে নারী শ্রমিকও রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় কারখানার মালিকপক্ষের অবহেলা এবং নিরাপত্তা ব্যবস্থার চরম ঘাটতির বিষয়টি সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে এবং পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

—এজেড