লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (০৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে সীমান্তের মেইন পিলার ৮৭৪/৫ এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন ওই উপজেলার পূর্ব পানিয়াটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে আলী হোসেনসহ সাত-আটজনের একটি দল ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের সাতগ্রাম ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন। পরে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায়।
৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ফেরত আনা এবং এ বিষয়ে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিং করার চেষ্টা চলছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং বিএসএফকে কড়া প্রতিবাদ জানানোর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে আহত দুই জনের নাম-পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এসএফ