ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ১১ জ্বিলকদ ১৪৪৭

শিরোনাম

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

 চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগাং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে সিটি করপোরেশন।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিন তলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন থেকে তীব্র ধোঁয়ার কুণ্ডলী তৈরি হওয়ায় নির্বাপণ কাজে বেশ বেগ পেতে হয় তাঁদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল। দুপুর ২টা থেকে এটি খোলার কথা ছিল। বন্ধ থাকার কারণে বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিন তলার এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে। আগুন লাগার খবরে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত মার্কেটের সামনে এসে ভিড় জমান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে এখনও সম্পূর্ণভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে কাজ চলছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

এসএফ