কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নামের এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই হামলায় শামিম নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামিম বাবার দরবার শরিফ নামে পরিচিত আস্তানায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমান ওরফে শামিমের ধর্ম সংক্রান্ত একটি বিতর্কিত বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। শনিবার দুপুরে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর আস্তানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। এতে আস্তানার ভেতরে থাকা শামিমসহ কয়েকজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে শামিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি তিনজনের চিকিৎসা চলছে। নিহত শামিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত জেসের মাস্টারের ছেলে।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা জানান, পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছুটিতে থাকলেও ঘটনাটি অবগত আছেন বলে জানিয়েছেন। অভিযুক্তদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসএফ