ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

সৌদিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

 সৌদিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

সৌদি আরবের রিয়াদে একটি নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে সোবাহান খাঁ (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে পরিবার এই দুঃসংবাদটি পেয়েছে গত রোববার (১২ এপ্রিল) রাতে।

নিহত সোবাহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে। বর্তমানে তাঁর পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। সোবাহানের সংসারে স্ত্রী ও পাঁচ সন্তান রয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রায় ৬ লাখ টাকা খরচ করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সোবাহান। গত ৭ এপ্রিল রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফটের গর্তে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্রাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোবাহানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ধারদেনা করে বিদেশ পাঠানো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তাঁর স্ত্রী ও স্বজনরা। দ্রুত সময়ের মধ্যে সোবাহানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে তাঁর পরিবার জেলা প্রশাসক বরাবর আবেদন জানিয়েছে। একই সঙ্গে অসহায় পরিবারটি সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছে।

এসএফ