ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৩ টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি থানাধীন হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত সাতজনই দিনাজপুর জেলার বাসিন্দা। তারা হলেন— নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫) এবং বিরামপুর থানার ভাইঘর গ্রামের সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) ও আব্দুর রশিদ (৫৫)। আহত ৬ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চাল বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রাকের চালের বস্তার ওপর ১৩ জন শ্রমিক যাত্রী হিসেবে অবস্থান করছিলেন। হাসানপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি রাস্তার নিচে পড়ে যায়। ট্রাকটি উল্টে যাওয়ায় ওপরে থাকা যাত্রীরা ভারী চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনার পর ট্রাকের চালক বা হেল্পার কাউকে আটক করা সম্ভব হয়নি। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
—এজেড