ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩ | ২৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা নিয়েছে সরকার

জুন পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার  ব্যবস্থা নিয়েছে সরকার

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেল নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হলেও দেশে তেলের সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে। আগামী জুন পর্যন্ত জ্বালানি তেল সাশ্রয় ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বগুড়ার শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও ছানি রোগীদের অপারেশন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সিনিয়র পরিচালক ডা. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান, গাক চক্ষু হাসপাতালের পরিচালক ডা. এইচ. এস. এম. রেজাউন্নবী মণ্ডল, উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক জিয়া উদ্দিন সরকার, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল করিম প্রমুখ।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, তেল নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। সবাই তেল পাচ্ছেন। সরবরাহ ও মজুত স্বাভাবিক রয়েছে এবং পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণের মধ্যেই আছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। সরকার জ্বালানির দাম বাড়ায়নি বরং ভর্তুকি দিয়ে বেশি দামে তেল কিনে এনে সরবরাহ করছে। এ খাতে আগামী জুন পর্যন্ত সরকারের ব্যয় হবে প্রায় ৩৬ হাজার কোটি টাকা, যাতে সাধারণ মানুষ কষ্টে না পড়ে।

বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর প্রসঙ্গে সমবায় প্রতিমন্ত্রী জানান, আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে, যদিও তা এখনও চূড়ান্ত হয়নি। সফরটি অনুষ্ঠিত হলে ই-বেল বন্ড কার্যক্রমের উদ্বোধন, সিটি কর্পোরেশন সংক্রান্ত ঘোষণা এবং বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হতে পারে। এ উপলক্ষ্যে ১৫ এপ্রিল ঢাকাসহ সংশ্লিষ্ট একটি প্রতিনিধি দল বগুড়ায় আসবে।

—এজেড